Editors Choice

3/recent/post-list

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন অর্থ উপদেষ্টা ও গভর্নর

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন অর্থ উপদেষ্টা ও গভর্নর


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যাচ্ছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন। সভাটি আজ শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।

বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এবারের বৈঠকে আরও ৩০০ কোটি ডলার পাওয়ার ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এবং অর্থ উপদেষ্টার একান্ত সচিব (পিএস) আসিফ ইকবাল। এছাড়া প্রতিনিধিদলে যোগ দেবেন বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ইকোনমিক মিনিস্টার মো. ফজলে রাব্বী।

কাল ২২ অক্টোবর মঙ্গলবার অর্থ উপদেষ্টা ভি-২০ (ভালনারেবল টোয়েন্টি) ফোরামের মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন। ২০১৫ সালে ফিলিপাইনের সভাপতিত্বে গঠিত এই ফোরামে বাংলাদেশসহ ২০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে, যারা জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত।

পরশু বুধবার সকালে অর্থ উপদেষ্টার দুটি বৈঠক রয়েছে। একটি বৈঠক হবে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুল হামিদ আলখলিফার সঙ্গে এবং অন্যটি হবে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজের সঙ্গে।

২৪ অক্টোবর বৃহস্পতিবার ভি-২০ মিনিস্ট্রিয়ালের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর শুক্রবার অর্থ উপদেষ্টার দুটি বৈঠক রয়েছে, সকালে প্লেনারি অধিবেশনে অংশ নেবেন এবং বিকেলে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুইনের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার শেষ দিন ২৬ অক্টোবর অর্থ উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ডের সঙ্গে। এর পরদিন অর্থ উপদেষ্টা ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন, তবে দলের কিছু সদস্য কয়েক দিন ছুটি কাটাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


Post a Comment

4 Comments

  1. অভিনন্দন!!! দেশের জন্য ভালো কিছু হবে বলেই আশা করছি।

    ReplyDelete
  2. অভিনন্দন! দেশের জন্য ভাল কিছু বয়ে নিয়ে আসবেন।

    ReplyDelete
  3. অভিনন্দন। দেশের মঙ্গলে মনযোগ দিন।

    ReplyDelete
  4. অভিনন্দন আপনাদেরকে!

    ReplyDelete