সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে সেটি আন্দোলনের সবার ভুল: আসিফ নজরুল
সরকার পতনের পর রাজনৈতিক দলগুলো সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, "যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।"
‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে আদর্শ প্রকাশনা প্রতিষ্ঠান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ব্রেইন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় আসিফ নজরুল জানান, সরকার পতনের পর দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছিল। তিনি বলেন, "প্রথম যে মিটিংটা ছিল, সেখানে সেনাপ্রধানের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না, আমাকে মারার জন্য ফোন করেছে নাকি আলোচনা করার জন্য। আমার স্ত্রী কান্না শুরু করেছিল, বলেছিল, 'তুমি যেয়ো না, তোমাকে মেরে ফেলবে।' কিন্তু গিয়ে দেখি, সেখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, হেফাজত এবং গণতন্ত্র মঞ্চের সকল দল উপস্থিত ছিল।"
আসিফ নজরুল বলেন, "বঙ্গবভনে আলোচনায় বসার সময় আমি জোর দিয়ে বলেছিলাম, খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "তখন এমন একটা পরিস্থিতি ছিল যে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো পরিবেশ ছিল না।"
তিনি বলেন, "কেউ কেউ প্রশ্ন তুলছেন কেন শহীদ মিনারে শপথ নিলাম না, কেন বিপ্লবী সরকার গঠন করলাম না। এখন আপনি দেখবেন, অনেকেই আছেন যাঁরা সবকিছু জানেন।"
আসিফ নজরুল জানান, "যদি আমরা উৎকৃষ্ট গণতন্ত্র চাই, তাহলে কিছু সংস্কার করতে হবে। এখন হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, জীবন বিপন্ন হয়েছে। তারা কি ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য।"
তিনি সতর্ক করেন, "যদি আমাদের মধ্যে অনৈক্য থাকে, তাহলে সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আন্দোলনের শক্তিদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অনৈক্য যেন না থাকে। একসঙ্গে কথা বলে সমাধান করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সংবিধানের মধ্যে এবং বাইরে উভয় ক্ষেত্রেই সমাধান সম্ভব।"
এ সময় আরও বক্তব্য দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, সাংবাদিক মনির হায়দার, সাহেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম এবং মুখপাত্র উমামা ফাতেমা।



3 Comments
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
ReplyDeleteইনশাআল্লাহ আপনারা এগিয়ে যাবেন,শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না।
ReplyDeleteআমরা ভাল কিছু করার চেষ্টা করছি, ভুল হতে পারে।
ReplyDelete