ইরানে ইসরাইলি হামলার পর রাশিয়ার সতর্কতা: বেড়ে উঠছে বিস্ফোরক উত্তেজনা


ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে, ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার কারণে ‘বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি’ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

এদিকে, ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে যে তেহরান যদি এই হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা চালায়, তবে তা ‘চড়া মূল্য’ দিতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তিনি এই অঞ্চলে চলমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। 

জাখারোভা আরও বলেন, “ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপে উস্কানি দেয়া বন্ধ করা প্রয়োজন এবং অনিয়ন্ত্রিত উত্তেজনার চক্র থেকে বের হয়ে আসা জরুরি।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজানে উদীয়মান দেশগুলোর সংগঠন ব্রিকস-এর শীর্ষ সম্মেলনে বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, “ইসরাইল ও ইরানের সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।”