কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, জামায়াত আমিরের মন্তব্য
রাজধানীর কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, এটি হালকাভাবে দেখার সুযোগ নেই। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এই ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তা ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা। তবে বিক্ষোভের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ যদি বিশেষ কোনো উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে দেশ ও অর্থনীতিকে অস্থিতিশীল করার যে ছক রয়েছে, তা হালকাভাবে দেখার সুযোগ নেই।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


1 Comments
একদম ঠিক কথা। এটি দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত।
ReplyDelete