ইমিগ্রেশনে আটকে দেয়ার বিষয়ে মাওলানা আজহারীর বক্তব্য

মালয়েশিয়ার বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকে দেয়ার ঘটনা নিয়ে জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী তাঁর ফেসবুক পেজে কিছু ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি সকলকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে কিছু সময় লেগেছিল এবং তিনি পুরোপুরি ঠিক আছেন।


শনিবার তার পোস্টে তিনি উল্লেখ করেন, “মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”


প্রসঙ্গত, আজহারী দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে শুক্রবার (১১ অক্টোবর) আবার মালয়েশিয়ায় চলে যান। তবে এ সময় মালয়েশিয়ার পুলিশ তাকে ইমিগ্রেশনে আটক করে। পরে রাত ২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।


আজহারীকে বহনকারী বিমান স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বিমানবন্দরের ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি প্রায় ৮ ঘণ্টা অপেক্ষা করেন।


জানা গেছে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে আজহারীর বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশনের দেওয়া অভিযোগ এখনও মালয়েশিয়ার ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে, যার কারণে পুলিশ তাকে আটক করেছিল।


এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) সকালে তিনি ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, “দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশির ভাগ সময় পরিবার সঙ্গে কাটিয়েছি। বিভিন্ন আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামও করেছি, যা খুব উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি।”


তিনি আরও বলেন, “আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবার দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু বিভাগীয় প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা করছি। আমি কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে এবং আগের মতো গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাই না। এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। দুআয় রাখবেন।”