ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পর এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পর তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান।
এ সময় সানচেজ দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ওপর ইসরাইলি বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানান। শুক্রবার ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ওয়াচ টাওয়ারে গুলি চালালে দুজন আহত হয় বলে জানায় জাতিসংঘ। এটি ছিল লেবাননে টানা তৃতীয় দিনের ঘটনা, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরাইলি হামলার শিকার হচ্ছেন।
এ হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শান্তিরক্ষীদের আহত হওয়ার ঘটনার তদন্ত করছে। এর আগে একটি পর্যবেক্ষণ পোস্টে হামলার ফলে দুই শান্তিরক্ষী আহত হয়।
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে স্পেনের ৬৫০ জন সেনা মোতায়েন রয়েছে এবং একজন স্প্যানিশ জেনারেল মিশনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলার প্রেক্ষিতে স্পেন ইতোমধ্যেই ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। সানচেজ দাবি করেন, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে।
স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলি সরকারের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা।" এর আগে, ৫ অক্টোবর এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইসরাইলের বিরুদ্ধে 'অস্ত্র নিষেধাজ্ঞা' আরোপের আহ্বান জানান। তিনি বলেন, "আমার মনে হয়, আমাদের একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা উচিত এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।"
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ম্যাক্রোঁ বলেন, "আমার মনে হয়, আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না," এবং গাজায় ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে তিনি একটি 'বড় ভুল' বলে অভিহিত করেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৪২,১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং আহত হয়েছে প্রায় এক লাখ মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু।


2 Comments
ভাল প্রস্তাব আপনাকে ধন্যবাদ।
ReplyDeleteসকল সাহায্য বন্ধ করুন
ReplyDelete