গাজাকে ‘মানবতার লজ্জা’ বলে আক্রমণ করেছেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বৃহস্পতিবার তিরানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছেন। সার্বিয়া সফরের পথে বলকানে তার প্রথম যাত্রা বিরতিতে এ মন্তব্য করেন।
তিনি আবারও দাবি করেন, গাজায় ইসরাইলের পদক্ষেপ ‘গণহত্যা’ সৃষ্টি করেছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই গণহত্যাকে ‘মানবতার লজ্জা’ হিসেবে উল্লেখ করেন।
এরদোগান বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে হবে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।” তিনি আরো যোগ করেন, “গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে, তা সমগ্র মানবতার জন্য একটি অভিন্ন লজ্জা।”
ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার ফলে ইসরাইলে ১,২০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। হামাস পরিচালিত গাজা অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৪২,৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসঙ্ঘের মতে, এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।
এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ আখ্যায়িত করে তাকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “নেতানিয়াহু সরকারের নেতৃত্বে এই আগ্রাসন এখন বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সঙ্গে তিরানার গ্রেট মসজিদ উদ্বোধন করেন। বলকানের বৃহত্তম এই মসজিদের ধারণক্ষমতা ১০,০০০ জন। তুরস্কের অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন ইউরো।
তুরস্ক আলবেনিয়ার প্রধান জনশক্তি নিয়োগকারী দেশ। এরদোগান গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, ছয় শতাধিক তুর্কি কোম্পানি আলবেনিয়ায় ১৫,০০০ এরও বেশি কর্মীকে চাকরি দিচ্ছে। তিনি বলেন, এটি আলবেনিয়ার পাঁচটি বৃহত্তম বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে একটি। তুরস্ক আলবেনিয়ায় ৩৫০ মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ন্যাটো সদস্য দু'টি দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান। তুরস্ক তার বায়রাক্টার টিবি-২ ড্রোন তিরানায় সরবরাহ করেছে।


2 Comments
আপনি অনেক বলেছেন, চেষ্টা করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। অন্য মুসলিম দেশগুলো চামচামী পরিহার করলে ভাল ফল পাওয়া যেত।
ReplyDeleteধন্যবাদ আপনাকে!
ReplyDelete