চট্টগ্রামে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
গত শুক্রবার (১১ অক্টোবর) চট্টগ্রামে বিএনপি এবং জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াওর পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জামায়াতের নেতারাও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন, যা চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে অন্তর্বতী সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কর্মীদের প্রশিক্ষণ বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সম্প্রসারণের জন্য চীনের ইচ্ছা রয়েছে বলে জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, চীন দুই দেশের জনগণের সুবিধার জন্য ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে আগ্রহী। দুই দলের নেতৃবৃন্দও বাংলাদেশের জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে চীনা সরকারের দীর্ঘস্থায়ী সমর্থনের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে পার্টি-টু-পার্টি মত বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি উভয় পক্ষ ২০২৫ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন এবং দুই দেশের ‘জনগণের সাথে জনগণের’ বিনিময়ের ওপর গুরুত্ব দেন।


2 Comments
শক্তিশালী সম্পর্ক রাখুন।
ReplyDeleteচীনের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হোক।
ReplyDelete