ভারত মারাত্মক ভুল করেছে: কানাডার প্রধানমন্ত্রী


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, কানাডার সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করে ভারত মারাত্মক ভুল করেছে। তিনি ভারত সরকারকে অভিযোগ করেন, তারা কানাডায় সহিংসতা ছড়িয়ে দিতে চেষ্টা করছে। কানাডাভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে নতুন একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।


ট্রুডো বলেন, "আগের যেকোনো সময়ের চেয়ে আরও পরিষ্কার ইঙ্গিত রয়েছে" যে ভারত কানাডার ভূখণ্ডে শিখ ভিন্ন মতালম্বীদের টার্গেট করে সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। 


কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দুই দিন পর ট্রুডো এ মন্তব্য করেন। এই কূটনীতিকদের বিরুদ্ধে কানাডায় এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার সঙ্গে জড়িত থাকার এবং ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে। 


এ বছরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় পৌঁছেছে, এবং ট্রুডোর এই মন্তব্য ছিল সবচেয়ে কঠোর। তিনি বলেন, "ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বে আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারে।"


ট্রুডো আরও জানান, অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। 


ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে।