ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গয়েশ্বর: মিডিয়া এখনও সত্য কথা বলতে পারে না



ঢাকা, পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন, “এখনও মিডিয়া সত্য কথা বলতে পারে না।” তিনি বলেন, “যেই আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হয়েছে, তা এখনও বাস্তবায়িত হয়নি।”

শুক্রবার বিকালে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে। আমার বাড়িতে হামলা হয়েছে এবং পরিবারের সদস্যদেরও নানাভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন থাকা সত্ত্বেও এসব সংগঠনের নেতারা নিন্দা, প্রতিবাদ বা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেননি। কারণ, আমি বিএনপির রাজনীতি করি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব। 

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালসহ বিভিন্ন পূজা পরিষদ ও মহানগর পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।