রাষ্ট্রপতির থাকা না থাকা: সাংবিধানিক না, রাজনৈতিক বিষয়
আন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি মন্তব্য করেছেন, রাষ্ট্রপতির পদবী থাকা না থাকা এখন আর সাংবিধানিক বিষয় নয়, এটি একটি রাজনৈতিক বিষয়। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা সকলেই জানি, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে সেই সময় বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করা হয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “যদি মনে হয়, এই সেট-আপে সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেট-আপে অসন্তুষ্ট, তাহলে আমরা এ বিষয়ে ভাবব।” রাষ্ট্রপতি নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে তিনি বলেন, “রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন বাংলাদেশে বর্তমানে কোনো আইনি বা সাংবিধানিক বিষয় নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।”
নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে চলছে।” তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের সময় সরকার ‘রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলা’কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যা বর্তমানে তাদের প্রাথমিক অগ্রাধিকার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হচ্ছে। মঙ্গলবার দুপুর থেকে রাতভর এ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তথ্য উপদেষ্টা ওই বিক্ষোভ সম্পর্কে বলেন, “বঙ্গভবন বা অন্য কোথাও বিক্ষোভের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি।” তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমানে নানা ধরনের দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা যেন কোনো সুবিধা নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

3 Comments
ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি।এই স্বাধীনতা যেন খর্ব না হয় আমাদের সকলকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ReplyDeleteরাষ্টপতিকে অপসারণ করুন।
ReplyDeleteঠিক বলেছেন
ReplyDelete