Editors Choice

3/recent/post-list

ডিমের দাম বৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে: উপদেষ্টা ফরিদা আখতার

ডিমের দাম বৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে: উপদেষ্টা ফরিদা আখতার



মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিমের দাম বাড়ার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি উল্লেখ করেন, ডিমের মূল্যের ৭০ শতাংশ ফিডের খরচের ওপর নির্ভর করে, এবং এই ফিডের দাম এই সময়ে বাড়েনি। তাহলে দামটা বাড়ল কেন? উপদেষ্টা দাবি করেন, বাজারে ডিমের দাম বৃদ্ধির পেছনে একটি কারসাজি কাজ করছে, যা অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। ফরিদা আখতার বলেন, “পত্রিকায় খবর এসেছে, আমদানির কারণে ডিমের দাম কমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে, এখানে একটি কারসাজি আছে। কোনো একটি পক্ষ সক্রিয়, যারা ডিমের দাম বাড়িয়েছে। তা না হলে দাম কমে কী করে?”

প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়, এবছরের প্রতিপাদ্য হচ্ছে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।

উপদেষ্টা আরো বলেন, “ডিমকে অস্থিতিশীল করে দেওয়া হলো। মিডিয়াতেও খবর আসতে শুরু করেছে যে ডিমের বাজার অস্থির। এটি দাম বৃদ্ধির একটি কারণ। কিছু খামারি বন্যার কারণে খামার নষ্ট হওয়ার কথা বলছে, যা সত্য। আমাদের দেশে এই সময় খাদ্য প্রাপ্যতার দিক থেকে খারাপ পরিস্থিতি। বন্যার কারণে সবজির উৎপাদন কমছে, তাই ডিমের ওপর চাপ বাড়ছে।”

তিনি বলেন, “ডিম পুষ্টির অন্যতম উপাদান, তাই সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে উৎপাদন বৃদ্ধি ও দাম নাগালের মধ্যে রাখতে হবে।” 

ফরিদা আখতার বলেন, “বাংলাদেশে যদি বছরে ১৩৬টি ডিম প্রতিটি মানুষ খায়, তাহলে এর মধ্যে বৈষম্য রয়েছে। কিছু মানুষ বেশি খাচ্ছে, আবার কেউ খাচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলনের পরে ডিমে কেন বৈষম্য থাকবে? শ্রেণি নির্বিশেষে সবার নাগালের মধ্যে ডিম নিয়ে আসতে হবে। দাম কমানোর প্রচেষ্টার এটিও একটি কারণ।”


Post a Comment

2 Comments

  1. কারসাজির মূল হোতাকে ধরুন, বিচার করুন। এটা আপনাদের দায়িত্ব, শুধু বলাটা আপনাদের কাজ নয়।

    ReplyDelete
  2. প্রয়োজনীয় ব্যবস্থা নিন!

    ReplyDelete