Editors Choice

3/recent/post-list

ইসরাইলে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আক্রমণ

ইসরাইলে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আক্রমণ

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, এটি প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে এক ঝাঁক ড্রোনসহ বিমান হামলা শুরু করেছে। পরবর্তী এক বিবৃতিতে তারা জানায়, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী হামলা বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করেনি। তবে টাইমস অব ইসরাইল জানায়, হামলায় বেশ কয়েকজন ইসরাইলি গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভা শহরে রকেট আঘাত হানে, যার ফলে কিছু গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া, হাইফায় ভারী আক্রমণে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর মা'লোত-তারশিহার একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলিসহ মধ্য ও উত্তর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল।

ইসরাইলি সেনাবাহিনী পরে জানায়, হিজবুল্লাহ প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরাইলে নিক্ষেপ করেছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহ মোট ৩৫০টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

মেডিকেল এজেন্সিগুলো জানায়, এই হামলায় কমপক্ষে ১১ জন ইসরাইলি আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হিজবুল্লাহ, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে প্রায়-দৈনিক সীমান্তে ইসরাইলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ চালিয়ে আসছে। তাদের দাবি, গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চলছে।

হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই, হিজবুল্লাহর এই হামলাগুলো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, যার কারণে ইসরাইল লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিল। কিন্তু এখনো তাদের ঘরে ফিরিয়ে আনতে পারেনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।


Post a Comment

1 Comments

  1. আমরা আর যুদ্ধ নয় শান্তি চাই!!! হে আল্লাহ আপনার এই সুন্দর ধরণীতে শান্তির বৃষ্টি বর্ষিত করুন!!!

    ReplyDelete