যেকোনো উগ্রবাদকে প্রতিহত করতে হবে: জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং
চট্টগ্রামের আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং। একই সঙ্গে, তারা নতুন বাংলাদেশ গড়তে যেকোনো উগ্রবাদ প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
আজ, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান লিগ্যাল উইংয়ের সদস্যরা।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানজুর আল মতিন বলেন, “আমাদের ভাই আলিফ খুন হয়েছেন, এবং তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। আলিফ তার ফেসবুক পেজে সাম্য ও সম্প্রীতির কথা লিখতেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে তার এই সম্প্রীতির পথ ধরে এগিয়ে যেতে চাই। যেকোনো ধরনের উগ্রবাদ, তা ধর্মের ভিত্তিতে হোক কিংবা অন্য কোনো ভিত্তিতে, আমাদের তা প্রতিহত করতে হবে।”
আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, “আমাদের নতুন বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে নাগরিক অধিকার দেওয়া হবে না। সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রাপ্ত হবে। যেকোনো ধরনের উগ্রবাদকে প্রতিহত করতে আমরা একজোট হয়ে কাজ করব। আলিফ হত্যার সঙ্গে জড়িত সকল উগ্রবাদী খুনিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে কিছু দেশি ও বিদেশি গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা এসব গণমাধ্যমকে সতর্ক করে দিতে চাই। জুলাইয়ে যেভাবে তাদের ভূমিকা ছিল, তা আমরা ভুলে যাইনি। আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব, আপনারা বাংলাদেশের বিষয়ে দিল্লি কিংবা অন্য কোনো শক্তির নির্দেশনা অনুসরণ করবেন না।”
এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী সাকিল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী আলী নাছের খান, মনিরুজ্জামান, এরশাদুল বারী মামুন, ইশরাত হাসান, রফিকুল ইসলাম জনি, আবদুল্লাহ আল আরিফ প্রমুখ।


1 Comments
উগ্রবাদী সহ পুরো উগ্রবাদকে আমাদের নির্মূল করতে হবে!!!!
ReplyDelete