এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া


দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (২১ নভেম্বর) বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে বের হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী। তবে, শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তার উপস্থিতি।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে ২০১৮ সালের পর প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন খালেদা জিয়া। তার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ২০১২ সালে সেনাকুঞ্জে। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি ওই সময় যাননি, তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কিছু নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন।

২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর আজই প্রথমবারের মতো খালেদা জিয়া কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার শেষ সফর ছিল ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি, সিলেটে।

এছাড়া, ২০০৯ সালের পর প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সেনাকুঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছে। সশস্ত্র বাহিনী থেকে ২৬ বিএনপি নেতাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।