রোনালদোর জোড়া গোল, ম্যাচ জয়ে নতুন রেকর্ড
একটি দর্শনীয় ওভারহেড কিক, একটি পেনাল্টি শট, দুটি গোল, এবং একটি অ্যাসিস্ট—একটি ফরোয়ার্ডের জন্য এর চেয়ে বেশি কি আর কিছু হতে পারে? শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এমনই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা তার নৈপুণ্যে পর্তুগালকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় এনে দেন। আর এই জয়ের সঙ্গে রোনালদো গড়েছেন একটি নতুন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ জয়ের মালিক এখন রোনালদো, পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।
পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ এওয়ানের এই ম্যাচে রোনালদোর সাথে গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। ৫৯ মিনিটে লিয়াও প্রথম গোলটি করেন, এরপর ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচে রোনালদোর সবচেয়ে চমকপ্রদ মুহূর্তটি আসে ৮৭ মিনিটে, যখন তিনি দলের পঞ্চম গোলটি করেন। ডান পাশ থেকে ভিতিনিয়া হালকা করে বলটি উঁচু করে ছয় গজ বক্সের ভেতরে পাঠান। কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে লাফিয়ে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে গোল ৯১০টি। দুটোই এখন পর্যন্ত সর্বোচ্চ।
ম্যাচ শেষে রোনালদোর পারফরম্যান্সের প্রশংসা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেন, “প্রথমার্ধে আমরা যে ধরনের ফুটবল খেলতে চেয়েছিলাম, তা ছিল অত্যন্ত বাজে। আমরা মানসিকভাবে হতাশ হয়ে পড়েছিলাম এবং মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি, খেলায় মনোযোগ বাড়িয়েছি এবং দলের পারস্পরিক সহায়তা বৃদ্ধি পেয়েছে। পোল্যান্ডকে খেলতে দেয়নি আমরা।”
এই জয়ের ফলে পর্তুগাল এক ম্যাচ বাকি থাকতেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের গ্রুপ এওয়ানে পরবর্তী ম্যাচটি ১৫ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে।


2 Comments
অভিনন্দন!
ReplyDeleteঅভিনন্দন!!! আরও সামনের দিকে এগিয়ে যান।
ReplyDelete