গুমে জড়িত ২০ সেনা, র্যাব ও পুলিশের কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা; যুক্তরাষ্ট্রের বিবৃতি
গুমসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা উঠেছে। গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখতে উৎসাহ দিয়েছে যুক্তরাষ্ট্র।
১৮ ডিসেম্বর, বুধবার, মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকের প্রশ্ন ছিল, “বাংলাদেশে গুমের ঘটনায় তদন্ত কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশে গুমের ঘটনায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?”
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, “গত দু’দশকে বাংলাদেশে শত শত মানুষকে জোরপূর্বক গুম করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হয়ে যাওয়ার মতো ট্রমা সৃষ্টি করে। এটি তাদের পরিবারের ওপর অনিশ্চয়তার প্রভাব ফেলে। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য উৎসাহিত করছি।”
এদিকে, গুমের ঘটনায় অভিযুক্ত ২০ জন সেনা, র্যাব ও পুলিশের কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। তাদের পাসপোর্ট স্থগিত করে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হবে।


2 Comments
Right.
ReplyDeleteএকদম সঠিক সিদ্ধান্ত!!!
ReplyDelete