হাসিনার পতনের পর ভারতে দলে দলে প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয়
শেখ হাসিনা সরকারের পতনের পর হাজার হাজার বাংলাদেশী ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে, এমন খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দু। সম্প্রতি এবং গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এই দাবি করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশ অথবা বাহির হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তে মোট ১,৩৯৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এই সংখ্যা ছিল ১,১৪৪ জন।
চলতি বছর মোট ৩,৯০৭ অবৈধ ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যার মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা রয়েছেন। ২০২৩ সালে বিএসএফ মোট ৫,০৯৫ জনকে আটক করেছিল, এর মধ্যে ৩,১৩৭ জন ছিল বাংলাদেশী।
এছাড়া, ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে, যখন ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল।
দ্য হিন্দু জানায়, ২০১৮ থেকে ২০২2 সাল পর্যন্ত প্রতি বছরই সীমান্তে আটক হওয়া বাংলাদেশী নাগরিকের সংখ্যা ছিল প্রায় তিন হাজারের কাছাকাছি। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়েনি। বরং শেখ হাসিনার সময়ে এ ধরনের ঘটনা নিয়মিত ছিল।


1 Comments
জানা ছিল না তো!!!!
ReplyDelete