১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস
১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহীদের হামলা শুরু হওয়ার পর তুরস্ক সরকার সিরিয়ায় তার দূতাবাস বন্ধ করে দেয়। তবে, গত শনিবার (১৪ ডিসেম্বর) থেকে দূতাবাসটি আবার কাজ শুরু করেছে।
মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগ্লুকে দামেস্কে নতুন দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগ্লুকে তার নতুন পদে দায়িত্ব দেন।
২০১2 সালের ২৬ মার্চ, সিরিয়ায় রাজনৈতিক সংকট তীব্র হওয়ার পর দামেস্ক শহরের রাওদা স্কয়ারে অবস্থিত তুরস্কের দূতাবাস তার কার্যক্রম স্থগিত করেছিল। সে সময় অন্যান্য অনেক দেশও তাদের দূতাবাস বন্ধ করে দেয়। দূতাবাস বন্ধ হওয়ার পর, কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যায়।
গত এক সপ্তাহ আগে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর দামেস্কে তুর্কি দূতাবাস পুনরায় চালু করা হলো। আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে সিরিয়ার কনস্যুলেট জেনারেল কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৮ ডিসেম্বর, হায়াতে তাহরির আশ-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শক্ত ঘাঁটি থেকে আকস্মিক আক্রমণের মুখে আসাদ সরকারের শাসনের অবসান ঘটে।
তুরস্ক এবং সিরিয়ার মধ্যে ৯১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ২০১১ সালে বিদ্রোহীদের হামলা শুরু হওয়ার পর থেকেই তুরস্ক, আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমর্থন দিয়ে আসছে।


2 Comments
Go ahead and
ReplyDeleteঅভিনন্দন!!!
ReplyDelete