শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারত থেকে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ভারতের সাথে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী, কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, "শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হয়েছিল, জুলাই-আগস্টে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করা হয়েছিল, এর নির্দেশদাতা ছিলেন তিনি।"
তিনি আরো বলেন, "এর আগে যত গুম হয়েছে, তিনি তখন সরকারের প্রধান ছিলেন। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের জনগণের টাকা। এসব চুরি করে বাইরে চলে গেছে। এই সব অভিযোগের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি।"
শফিকুল আলম আরও বলেন, "ভারতের সাথে আমাদের একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনাকে ফেরত চাওয়া যাবে। আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি, এবং একবার শেষ হলে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যার্পণ চাইব।"
আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশ ভারতের সাথে ‘ন্যায় ও মর্যাদার’ সম্পর্ক চায়।"
ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব।"


1 Comments
ওনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক!!!
ReplyDelete