Editors Choice

3/recent/post-list

মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয়

মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয়


বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মোদির ওই পোস্টে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা কোনো উল্লেখ না করে, ১৬ ডিসেম্বরকে ভারতের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবি করা হয়। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ ছিল না তার লেখায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে। 'ইতিহাসের তথ্য' শিরোনামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশটি একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়।

এছাড়াও, সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব ও কূটনীতিক প্রয়াত জেএন দীক্ষিতের বই লিবারেশন অ্যান্ড বিয়ন্ড : ইন্দো-বাংলাদেশ রিলেশনস থেকে উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি লিখেছেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ড একটি বড় রাজনৈতিক ভুল করেছিল। তারা যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এমএজি ওসমানির উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জেনারেল ওসমানির অনুপস্থিতির জন্য আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। তবে, ব্যাপক সন্দেহ ছিল যে, তাকে সময়মতো ঢাকায় পৌঁছানোর জন্য ভুল পথে পাঠানো হয়েছিল, যাতে অনুষ্ঠানে মনোযোগ ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ থাকে। এই ভুলটি ভারতের কাছে এড়ানো সম্ভব ছিল, যা বাংলাদেশের রাজনৈতিক মহলে অসন্তোষ সৃষ্টি করে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি, আমরা সত্য উদযাপন করি।’’

এদিকে, গত সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে তিনি ১৯৭১ সালের বিজয় দিবসে ভারতের সাহসী সেনাদের আত্মত্যাগ ও সাহসকে সম্মান জানিয়ে লেখেন, "আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই।" তবে, ওই পোস্টে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ ছিল না এবং একাত্তরের বিজয়কে কেবল 'ভারতের ঐতিহাসিক বিজয়' হিসেবে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবৃতি দিয়েছে।

Post a Comment

1 Comments

  1. একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ReplyDelete