ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের বসতি ও তাঁবুতে ইসরাইলি শাসকদের বর্বরোচিত বোমা হামলা অব্যাহত রাখায় তীব্র নিন্দা জানিয়েছেন। হামলায় নিষ্পাপ শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছে।
গাজার বারিকেহ আরবান ডিফেন্স ইনস্টিটিউনের মুখপাত্র মাহমুদ বাসাল রোববার রাতে ঘোষণা করেছেন যে, গত ২৪ ঘণ্টায় গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের অন্তত চারটি স্কুল এবং আশ্রয়কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালিয়েছে, যার ফলে ৫০ জনের বেশি নিরীহ ব্যক্তি শহীদ হয়েছেন।
পার্সটুডে-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, তিনি ইসরাইলের শাসকগোষ্ঠীর নেতাদের বিচার এবং শাস্তির দাবি করেছেন।
ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব। তিনি আরও যোগ করেন, গাজার গণহত্যা বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অমান্য করার জন্য ইসরাইলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল তার মার্কিন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ফিলিস্তিনের অরক্ষিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক গণহত্যা শুরু করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


2 Comments
গ্রেফতার করুন।
ReplyDeleteএকদম সঠিক কথা বলেছেন।
ReplyDelete