নির্বাচনি অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: বদিউল আলম
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘‘দুর্ভাগ্যবশত বিগত নির্বাচন কমিশন ক্ষমতার যথাযথ ব্যবহার করেনি, যার কারণে নির্বাচনি অপরাধে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।’’
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই মন্তব্য করেন।
ড. বদিউল আলম বলেন, ‘‘কমিশনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতাগুলো সঠিকভাবে প্রয়োগের জন্য কমিশন কীভাবে কাজ করবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বিগত নির্বাচনে যেসব অপরাধ ঘটেছে, সেগুলোর বিচার করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে।’’
ড. বদিউল আলম জানান, নির্বাচনের মূল উপাদান যেমন ভোটার তালিকা, ব্যালট ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়েছে। নতুন নির্বাচন কমিশন এসব বিষয়ে মতামত প্রদান করেছে, এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে কোনো মতানৈক্য নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কী পদক্ষেপ নেয়া উচিত, সেটি আলোচনায় গুরুত্ব পেয়েছে। এই বিষয়ে সামনে আরও আলোচনা হবে।’’


1 Comments
দ্রুত বিচারের আওতায় আনা হোক!!!
ReplyDelete