দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সয়াবিন তেল, পাম, সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হয়েছে। একই সঙ্গে পাম, সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলেও ভ্যাট এবং অগ্রিম কর কমানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সয়াবিনসহ বিভিন্ন তেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্তটি আজ সোমবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে এবং এটি ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল, সানফ্লাওয়ার তেল এবং ক্যানোলা তেলের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে। অপরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল এবং পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিকারকদের জন্য অগ্রিম করও অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া, ৯ ডিসেম্বর থেকে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৬৭ টাকা। খোলা সয়াবিন তেলের দামও ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭ টাকা হয়েছে। খোলা পাম তেলের দামও একইভাবে বেড়ে ১৫৭ টাকা হয়েছে।

এদিকে, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) রাইস ব্র্যান অয়েল বা ধানের কুঁড়ার তেলের রপ্তানি নিয়ন্ত্রণে শুল্কারোপের প্রস্তাব করেছে। কমিশনটি অপরিশোধিত ও পরিশোধিত কুঁড়ার তেল রপ্তানির ওপর ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের সুপারিশ করেছে।

এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হল আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ ও দাম সহনীয় রাখা।