বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি ছাড় করার পাশাপাশি নতুন করে ৭৫০ মিলিয়ন ডলার (৭৫ কোটি মার্কিন ডলার) অতিরিক্ত ঋণসহায়তা দেবে। ১৮ ডিসেম্বর, বুধবার আইএমএফ এ সংক্রান্ত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, আইএমএফ চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে ৬৪৫ মিলিয়ন বা ৬৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,৭৪০ কোটি টাকা। এর পাশাপাশি বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আইএমএফ নতুন করে ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা প্রদান করবে।
২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছিল, এবং এই পর্যন্ত তিনটি কিস্তিতে ২.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করা হয়েছে। চতুর্থ কিস্তি ঋণ দেয়ার আগে ৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফরে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পারফরম্যান্স ও কাঠামোগত সংস্কারের শর্ত পালন নিয়ে পর্যালোচনা করা হয়।
আইএমএফ জানায়, সরকার ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের পাশাপাশি আরো ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছিল। এর প্রেক্ষিতে আইএমএফ বর্ধিত ক্রেডিট সুবিধা এবং বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৭৫ কোটি ডলার ঋণ সহায়তা প্রদান করবে।
আইএমএফের বিবৃতিতে আরো বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে এবং ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। একই অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসবে।


2 Comments
Good News
ReplyDeleteধন্যবাদ আইএমএফ সংগঠনকে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে পাশে থাকার জন্য।
ReplyDelete