সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতার আহ্বান অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেছেন, এখন সময় এসেছে সিরিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার। গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সাক্ষাৎকার।

গণতান্ত্রিক বিদ্রোহীদের অভিযানের পর গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন হয়। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির দু'দিন পর আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আল-বশির বলেন, ‘‘এখন সিরিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার সময় উপভোগ করবে।’’

গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ১২ দিনের এই অভিযানে সিরিয়ার সরকার উৎখাত হয় এবং দামেস্ক পতিত হয়। বাশার আল-আসাদ দেশ ত্যাগ করে রাশিয়ার মস্কোয় আশ্রয় নেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বাশার আল-আসাদের পতনের পর, ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশারের সরকার প্রধান মোহাম্মদ আল-জালালি এবং আল-বশির। এরপর থেকেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এদিকে, এইচটিএসের প্রধান আল-জুলানি সিরিয়ায় যুদ্ধাপরাধের জন্য দায়ী সাবেক সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘‘সিরিয়া আর যুদ্ধে ফিরে যাবে না’’।