যুদ্ধবিরতি বিষয়ে হামাস প্রতিনিধির সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি ‘স্পষ্ট ও সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি।

কাতারের রাজধানী দোহায় গত শনিবার অনুষ্ঠিত বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রীও, যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতার বিষয়টি বেশ কিছুদিন ধরে স্থবির ছিল। তবে এখন তিনি নিজে প্রকাশ্যে মধ্যস্থতায় যুক্ত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ এবং অস্বাভাবিক ঘটনা বলে বিবেচিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা হয়েছে এবং কীভাবে এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।”

উল্লেখ্য, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর কাতারের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন যে, যুদ্ধবিরতির আলোচনায় ‘গতি’ ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের পর আমরা অনুভব করেছি, গতি ফিরে আসছে।” তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে, এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে সেটা সম্পন্ন হয়।”

এ বৈঠকের মাধ্যমে কাতার, হামাস ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যুদ্ধবিরতি প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।