শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ব্যাখ্যা জানতে এএসপিদের চিঠি দেয়া হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন এই ২৫টি চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তাদের তিন দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে দৌড়ানোর সময় এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন, যার ফলে অন্যান্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারেননি। বারবার দৌড়ানোর নির্দেশ দেওয়ার পরও তারা তা উপেক্ষা করে কটূক্তিমূলক মন্তব্য করতে থাকেন, যা প্রশিক্ষণ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গ করতে উৎসাহিত করেন।
শোকজ চিঠিতে বলা হয়েছে, "আপনি এএসপি (পুলিশ) ব্যাচের একজন প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় ২৬ নভেম্বর বিকেলে দৌড়ানোর নির্দেশ উপেক্ষা করে এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন, যার কারণে মাঠে অন্যান্য প্রশিক্ষণার্থী সঠিকভাবে দৌড়াতে পারেননি। আপনার এই আচরণ এবং মন্তব্যের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং অন্যান্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করেন।"
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, "এধরনের আচরণের কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে আপনাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"


2 Comments
চাকুরিচ্যূত করুন।
ReplyDeleteশিক্ষিত হলেই যে জ্ঞানী হওয়া যায় না এটাই তার বাস্তব উদাহরণ!!!
ReplyDelete