দামেস্কের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইসরাইলি বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইসরাইলি বাহিনী। ইতোমধ্যে তারা সিরিয়ার ভেতরে ১০ কিলোমিটার প্রবেশ করেছে, যা সিরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো। বাশার আল-আসাদ সরকার উৎখাত হওয়ার পর থেকে সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে, এবং বর্তমানে তারা সিরিয়ার অন্তত ১০ কিলোমিটার গভীরে প্রবেশ করছে।

ইসরাইলি বাহিনীর ৬০৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন উরি আরমগ জানান, "আমরা গত বুধবার সাপ্তাহিক ছুটির জন্য আল-হিয়াম ত্যাগ করি। শনিবার রাতে পুরো কোম্পানি গোলান মালভূমিতে জড়ো হয়ে রোববারের মধ্যে সিরিয়ার মাটিতে প্রবেশ করি।" তিনি আরও বলেন, "আমাদের সৈন্যরা মিশনের গুরুত্ব বুঝতে পেরেছে এবং অত্যন্ত উদ্দীপ্ত রয়েছে।"

ইসরাইলি বাহিনী সিরিয়ার তেল হাদার দখলের জন্য অগ্রসর হলেও প্রথমে পাহাড়ের শীর্ষে পৌঁছাতে ব্রিগেড ৭ অংশ নেয়। এটি ১৯৭৩ সালের ১২ অক্টোবর গোলানি বাহিনী যে পাহাড়টি দখল করেছিল, তার পুনরাবৃত্তি ছিল।

ইসরাইলি বাহিনী নিয়মিত সিরিয়ার সেনা চৌকিগুলোতে অভিযান চালানোর জন্য 'সিরিয়ান পিটাস' নামে প্রশিক্ষণ নেয়। তবে সম্প্রতি লেবানন ও গাজায় হুমকি তৈরি হওয়ায় সিরিয়ায় প্রবেশের ব্যাপারে ভাবেনি ইসরাইল। ক্যাপ্টেন আলমগ বলেন, "আমরা হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ব্যস্ত ছিলাম, তবে এখন এখানে শত্রু না থাকলেও পরিস্থিতি চ্যালেঞ্জিং রয়ে গেছে।"

বর্তমানে ইসরাইলি বাহিনী সিরিয়ার ১০ কিলোমিটার ভেতরে অবস্থান করছে এবং এখান থেকে দামেস্ক ও হারমন ঢাল দেখা যাচ্ছে। এছাড়া সিরিয়ার সৈন্যদের ফেলে যাওয়া বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামও তারা উদ্ধার করেছে, যদিও এসব অস্ত্র খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইসরাইলি সৈন্যরা তিনটি ট্যাঙ্কও দেখতে পেয়েছে, তবে সেগুলো অবহেলিত এবং জং ধরা অবস্থায় ছিল, যা দিয়ে ইসরাইলি প্রতিরক্ষা লাইন ভেদ করা সম্ভব ছিল না।

ইসরাইলি বাহিনী বর্তমানে সিরিয়ায় তাদের প্রতিরক্ষা বেষ্টনী সম্প্রসারণে নিয়োজিত।