ইরান আক্রমণের সাহস কেউ করে না : খোমেনি
ইরানিদের দৃঢ় প্রতিরোধ ও স্থিতিশীলতার কারণে কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না বলে মন্তব্য করেছেন ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। বুধবার তেহরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আয়াতুল্লাহ খোমেনি বলেন, ইসলামী বিপ্লব ও ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর সবসময় বিশ্বের ভুল ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। এ কারণেই শত্রুরা মানবাধিকার এবং পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ বিষয়ে খোমেনি বলেন, ‘শরিয়ার সুনির্দিষ্ট বিধান হলো- ফিলিস্তিন ও আল-আকসা মসজিদকে মুসলমানদের এবং তাদের আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক।’
ইসরাইলের কর্মকাণ্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমেরিকানরা ইসরাইলি অপরাধ সম্পর্কে জানে এবং তারাও এতে সম্পৃক্ত।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আসন্ন নির্বাচনের জন্য ইসরাইলি সরকারকে সমর্থন করছে, কারণ তারা চায় ইসরাইলের বিজয় নিশ্চিত করতে। তবে, আমেরিকান মুসলমানদের ভোট পাওয়ার আশায় তারা ভান করছে যেন তারা এসব ইস্যুতে জড়িত নয়।
ফিলিস্তিনি প্রতিরোধকারী সংগঠনগুলোর প্রশংসা করে খোমেনি বলেন, ‘ফিলিস্তিনের প্রতিরোধকারী গোষ্ঠী হামাস বিজয়ী। হিজবুল্লাহও বিজয়ী। এখন পর্যন্ত যতগুলো বিজয় এসেছে, তার সবই হিজবুল্লাহ এবং প্রতিরোধকারী সংগঠনগুলোর কারণে।’
ইসলামিক বিপ্লবের নেতা তার বক্তব্যে শত্রুদের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থানের ওপর জোর দেন এবং দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।


0 Comments