আকুর সদস্য দেশগুলোর সঙ্গে সরাসরি লেনদেন বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের!
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর সদস্য দেশগুলোর সঙ্গে সরাসরি বৈদেশিক লেনদেন বন্ধ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংক টু ব্যাংক নয়, বরং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে। 

সূত্র জানায়, আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতি। বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, মিয়ানমার, ভুটান এবং মালদ্বীপ আকুর সদস্য দেশ। এই ব্যবস্থার মাধ্যমে দুই মাসের বাকিতে পণ্য আমদানি ও রপ্তানি করা হয় এবং দুই মাস পর দেনা-পাওনা সমন্বয় করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই লেনদেন সম্পন্ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, আকুর নিয়মিত প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে কোনো সদস্য দেশের সঙ্গে সরাসরি দেনা-পাওনা নিষ্পত্তি না করতে। সম্প্রতি কিছু ব্যাংক আকুর নিয়ম অমান্য করে সরাসরি দেনা পরিশোধ করছে, যার ফলে আকুর গুরুত্ব হ্রাস পাচ্ছে এবং দুই মাসের জন্য বৈদেশিক মুদ্রার সহায়তাও পাওয়া যাচ্ছে না। এতে ডলারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।  জানা গেছে, আকুর সদস্য দেশগুলোর মধ্যে যারা আমদানির তুলনায় রপ্তানি বেশি করে, তারা দেনার পরিবর্তে ডলার পেয়ে থাকে। তবে বাংলাদেশ, যেহেতু রপ্তানির তুলনায় আমদানি বেশি করে, তাই প্রতি কিস্তিতেই দেনা শোধ করতে হয়। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশ আকুর মাধ্যমে ১৩৭ কোটি ডলার পরিশোধ করেছে। ভারত, শ্রীলংকা ও পাকিস্তান রপ্তানিতে এগিয়ে থাকলেও অন্যান্য দেশগুলো আমদানির দিকেই বেশি ঝুঁকছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে।