পুলিশ একাডেমিতে ৫৯ জন এসআইকে কারণ দর্শানোর নোটিশ
রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন সহকারী উপপরিদর্শক (এসআই) কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শৃঙ্খলার সাথে না বসার কারণে এই নোটিশ ইস্যু করা হয়।
নোটিশ পাওয়া এসআইরা ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচের অংশ। পুলিশ একাডেমির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে এই ব্যাচের ৭০৪ প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে পূর্বে শোকজ করা হয়েছিল। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার শৃঙ্খলার সাথে না বসার জন্য অন্তত ৫৯ জন এসআইকে শোকজ করা হয়েছে।
অ্যাকাডেমি সূত্র জানায়, ২১ অক্টোবর দ্বিতীয় দফায় ১০ জন এসআইকে এবং ২৪ অক্টোবর তৃতীয় দফায় ৪৯ জনকে শোকজ করা হয়। তাদেরকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো: তারেক বিন রশিদ এই নোটিশে স্বাক্ষর করেছেন।
এক এসআইকে দেওয়া ২৪ অক্টোবরের নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২১ আগস্ট একটি ক্লাস চলাকালে তিনি শৃঙ্খলা ভঙ্গ করে এলোমেলোভাবে বসে হইচই করেছেন। একজন প্রশিক্ষক বারবার তাকে শৃঙ্খলার সাথে বসার জন্য বলেন, কিন্তু তিনি তা অমান্য করেন। এর ফলে পাঠদান চলাকালে তার মনোযোগও ছিল না।
অন্যদিকে, ২১ অক্টোবরের নোটিশেও একই ধরনের অভিযোগের উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে, ১৬ অক্টোবর একটি ক্লাস চলাকালীন এসআইরা শৃঙ্খলার সাথে না বসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এই ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো: মাসুদুর রহমান ভূঞার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


1 Comments
যোগ্য প্রার্থীদের নির্বাচন করুন।তারা যদি নিজেরাই শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে দেশের শৃঙ্খলা রক্ষা করবে কিভাবে?
ReplyDelete