Editors Choice

3/recent/post-list

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল বরাদ্দ এবার অনলাইনে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল বরাদ্দ এবার অনলাইনে


২০২৫ সালের ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁর বরাদ্দ এবার অনলাইনে দেওয়া হবে। মেলা আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ জন্য নতুন সফটওয়্যার তৈরি করেছে।

নতুন এই সফটওয়্যার ব্যবহার করে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের আগ্রহী স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। বুধবার ইপিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেলার স্পেস বরাদ্দ গ্রহণের জন্য দর, মূল্য ও মাশুল ইত্যাদি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা করতে হবে। এ উপলক্ষে ইপিবি এবং সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইপিবির পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব বিবেক সরকার, যিনি ডিআইটিএফের পরিচালকও। সোনালী ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

ইপিবি জানিয়েছে, সফটওয়্যারটি চালু হওয়ার ফলে উদ্যোক্তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে হেল্পলাইনে (০১৯৬৬২৪৯২২৫, ০১৬৮৬১৭৭৮২৮, ০১৭১১৩৭৮১৮১) ফোন করে সহায়তা নেওয়া যাবে।

উল্লেখ্য, পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে ২৯তম ডিআইটিএফ। দেশি-বিদেশি উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ীদের জন্য প্রায় ৩৫০টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হবে। ১৯৯৫ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও বিপণন, উৎপাদনে সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে ডিআইটিএফ আয়োজন করছে ইপিবি।


Post a Comment

2 Comments

  1. চমৎকার উদ্যোগ

    ReplyDelete
  2. যুগোপযোগী পদক্ষেপ। এটি ভালোভাবে চালু হলে সুবিধাভোগীদের অনেক সময় সেভ হবে।

    ReplyDelete