বাংলাদেশকে ৩ হাজার কোটি টাকার অনুদান দেবে বিশ্বব্যাংক
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক বন্যা ও জলবায়ুজনিত বিভিন্ন ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে আপৎকালীন ঝুঁকি মোকাবেলায় এককালীন ২৫ কোটি ডলার (প্রায় ৩ হাজার কোটি টাকা) অনুদান দেবে বিশ্বব্যাংক।
বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে চলমান বার্ষিক সভার সাইড লাইনে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
একই দিনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গেও বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
গত আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফেনী-নোয়াখালী অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে, যা দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের জনজীবনকে দুর্বিষহ করে তোলে। গ্রামীণ জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে বিশ্বব্যাংক প্রস্তুত।
সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, এবারের সম্মেলনে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা একটু বেশি। তারা সব ধরনের সংস্কার কার্যক্রমে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই বাংলাদেশকে এককালীন ২৫০ মিলিয়ন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক।
দাতাগোষ্ঠীগুলোর এসব সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন সরকারের প্রতিনিধিরা।
এদিকে, বকেয়া ঋণ পরিশোধ করতে পারায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বব্যাংক। রিজার্ভ থেকে এক পয়সাও না নিয়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার ঋণের কিস্তি শোধ করার ফলে ডলারের অস্থিরতা কমছে। সামনের দিনগুলোতে আমদানিজনিত মূল্যস্ফীতি কমে আসবে এবং ডলার সংকট কাটিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।


2 Comments
ভাল সিদ্ধান্ত
ReplyDeleteধন্যবাদ!!! বাংলাদেশের এরকম সংকটময় অবস্থায় পাশে থাকার জন্য।
ReplyDelete