৪৫০ ফুট উপরে গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর!
মিসরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড, যা ফারাও রাজা খুপুর রাজত্বকালে নির্মিত, খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটি সবচেয়ে বড় এবং ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত।
সম্প্রতি ৪৫০ ফুটেরও বেশি উচ্চতার এই গ্রেট পিরামিডের চূড়ায় একটি কুকুর ঘোরাফেরা করতে দেখা গেছে, যা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মিসরের ১১৮টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে বড় এবং উঁচু। পিরামিডে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ, ফলে দর্শকদের জন্য উপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হল প্যারাগ্লাইডিং।
অ্যালেক্স ল্যাং নামে একজন পর্যটক প্যারাগ্লাইডারে চড়ে গিজার গ্রেট পিরামিডের দৃশ্য উপভোগ করছিলেন, তখনই তিনি লক্ষ্য করেন পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখিদের তাড়া করছে।
পিরামিডের ওপরের এই অপ্রত্যাশিত দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে, কারণ গ্রেট পিরামিডের সংরক্ষণ ও নিরাপত্তার কারণে পর্যটকদের সেখানে ওঠা নিষিদ্ধ।
কীভাবে এত উঁচুতে কুকুরটি উঠলো, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ বিষয়ে নানা মন্তব্য করেছেন ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, "এটি এখন তার পিরামিড। সে এটি জয় করেছে।" অন্য একজন মন্তব্য করেছেন, "মাঝে-মধ্যে তুমি সর্বোচ্চ এই শৃঙ্গে ওঠো এবং পাখিদের লক্ষ্য করে ঘেউ ঘেউ করো।"
আরেকজন বলছেন, "এটি কুকুর নয়, এটি হচ্ছে মিসরীয় ঈশ্বর আনুবিস। আনুবিসকে মৃত্যুর পরবর্তী জীবনের গাইড এবং মন্দিরের রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। তাই সে পিরামিডের উপরে।"
এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অদ্ভুত দৃশ্য নিয়ে আলোচনা চলছেই।


2 Comments
আমরা অবাক হয়ে গেলাম।
ReplyDeleteএই প্রথম মনে হয় কোন কুকুর পিরামিড জয় করল।শুধু জয়ই নয় সেই সাথে রাজত্বও করছে।
ReplyDelete