লেবানন থেকে ইসরায়েলে এক দিনে ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
আজ শনিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়েছে উত্তর ইসরায়েলকে। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহর হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় সাইরেন বাজানো হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ হতাহত হয়েছে বা ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি।
আজ সকালে ইসরায়েলের সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন আঘাত হানার ঘটনা ঘটেছে। তবে এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে বিবিসি জানিয়েছে, আজ সকাল থেকে হাইফাসহ উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে লেবানন থেকে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে।
গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার উত্তর গাজার জালাবিয়াতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন এবং ৮৫ জন আহত হয়েছেন। উপত্যকাটির ইন্দোনেশিয়া হাসপাতালে ইসরায়েলি সেনারা ‘ব্যাপক গুলি’ চালিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিনতে জবিল এলাকায় হিজবুল্লাহর উপকমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ, তবে হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


2 Comments
আমরা মহা খুশি।
ReplyDeleteইসরায়েলের ধ্বংস অনিবার্য, এটা শুধু সময়ের অপেক্ষা।
ReplyDelete