Editors Choice

3/recent/post-list

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপের দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

 প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপের দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

জাতীয়তাবাদী সমমনা জোট প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেছেন।

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান। তিনি জানান, জোটের পক্ষ থেকে ২৩টি লিখিত প্রস্তাব তুলে ধরা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সিন্ডিকেট ভেঙে দোষীদের আইনের আওতায় আনার প্রস্তাবও রাখা হয়েছে।

প্রস্তাবে দাবি করা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন সৎ ও দক্ষ উপদেষ্টা নিয়োগ করতে হবে। মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি প্রতি মাসে জনসমক্ষে প্রকাশের কথাও বলা হয়েছে।

জোটের নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী সরকারের দুর্নীতিবাজ সদস্যরা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে বহাল আছেন। তাদের দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনার দাবিও এসেছে। 

এছাড়া, বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠনের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনো আনুপাতিক হার গ্রহণযোগ্য নয়। নির্বাচিত সংসদে সংবিধান সংস্কার করতে হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার বড় কোনো সংস্কার করবে না বলেও উল্লেখ করা হয়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের আইনের আওতায় আনার দাবি, পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার প্রস্তাব এবং বাজারের পরিস্থিতির উন্নতির জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। 

জাতীয়তাবাদী সমমনা জোটের এই প্রস্তাবগুলো প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয় এবং সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যেমন—জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদিকী, এবং এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের প্রমুখ।

Post a Comment

1 Comments