ইরানের সঙ্গে সম্পর্ককে বড় অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া: পুতিন



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক মস্কোর কাছে একটি বড় অগ্রাধিকার। বিশ্বের চলমান ঘটনাবলীর প্রেক্ষাপটে দুই দেশের অবস্থানও প্রায় সমান বলে মন্তব্য করেন তিনি। 

তুর্কেমেনিস্তানের রাজধানী আশখাবাতে মধ্য এশিয়ার দেশগুলোর এক সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন এ কথা বলেন। 

রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুতিন পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে জানান, “ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক একটি বড় অগ্রাধিকার। তারা সফলভাবে উন্নতি করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা একসঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন ঘটনার প্রতি আমাদের অবস্থানও প্রায় একই।”

পেজেশকিয়ান বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘আন্তরিক’ উল্লেখ করে বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান একই।” তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, “এটি বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপ মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল হতে দিতে চায় না।”

গাজা ও লেবাননে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা ও বেসামরিক প্রাণহানির কঠোর নিন্দা জানান পেজেশকিয়ান। তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনে ইসরাইলের এই হত্যাযজ্ঞেরও কঠোর সমালোচনা করেন। 

গাজার পরিস্থিতি উদ্বেগজনক, যেখানে এক বছরের বেশি সময় ধরে ইসরাইলের হামলায় ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সম্প্রতি লেবাননে ইসরাইলের স্থল ও বিমান হামলা শুরু হয়েছে, যা পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। 

রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ক রয়েছে, তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সহায়তা করছে।

বৈঠকে পেজেশকিয়ানকে মস্কো সফরের আমন্ত্রণ জানান পুতিন, যা গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট। আগামী মাসের শেষে পেজেশকিয়ানের মস্কো সফর হওয়ার সম্ভাবনা রয়েছে।