রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, "কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না।" তিনি নাগরিকদের স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, "আপনারা বাংলাদেশের নাগরিক, নিজেদের মত প্রকাশ করতে স্বাধীন।"
তিনি আরও উল্লেখ করেন, "আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আমাদের কাছে মনে হয়েছে, এবার যথেষ্ট হয়েছে। কখনো বিপন্ন ও অসহায় বোধ করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার, প্রধান উপদেষ্টার নেতৃত্বে করব।"
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের এখন সময় নষ্ট করা যাবে না; নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা এই দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্য নারায়ণ সারদা, সঞ্চালনা করেন অমর কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, অ্যাডভোকেট কল্যাণ সাহা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা প্রমুখ।
এর আগে, বেলা ১২টার দিকে জেলা শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি ও তাড়াশ উপজেলার চলনবিল পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ নজরুল।


2 Comments
রাজনৈতিক নেতাদের কারনে রাজনীতি খারাপ হয়েছে!
ReplyDeleteআপনারা নতুন কিছু করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই আশাই রাখি।
ReplyDelete