নতুন সিইসি ও ইসির শপথ আজ, শপথ বাক্য পাঠ করবেন প্রধান বিচারপতি
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথ নেবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নতুন নির্বাচন কমিশনার (ইসি)। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়, যেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করবেন।
শুক্রবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার নতুন সিইসি হিসেবে সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ পান। তারা হলেন: সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।
নিয়োগ পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সিইসি নাসির উদ্দীন বলেন, "অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা কিছু করা প্রয়োজন, তা করব। আমরা সবার সহযোগিতায় আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব, ইনশাআল্লাহ।"


1 Comments
আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই যার অনেকটা আপনাদের উপর নির্ভর করবে!!!!
ReplyDelete