চট্টগ্রামের ওসির রাজনৈতিক বক্তব্যে সমালোচনার ঝড়, ছাত্রলীগকে গণধোলাই দেওয়ার আহ্বান
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব খান সম্প্রতি একটি রাজনৈতিক সভায় বক্তব্য প্রদান করে বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ‘গণধোলাই’ দেওয়ার আহ্বান জানান।
রোববার সন্ধ্যায় সরফভাটা ইউনিয়নে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, ‘‘বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, তাদেরকে দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না।’’ এ সময় তিনি দাবি করেন, ‘‘যদি আওয়ামী লীগ থাকতো, তাদের হাত-পা ল্যাংরা হয়ে যেত।’’
ওসির এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা এটিকে অপেশাদার আচরণ হিসেবে চিহ্নিত করেছেন।
বক্তব্যের শুরুতে ওসি সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘‘রাঙ্গুনিয়ার বীর সন্তান শহিদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি।’’ এরপর তিনি আরো বলেন, ‘‘৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তার নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছে।’’
ওসি আহসান হাবিব আরও দাবি করেন, ‘‘বিএনপি ১৬ বছর সরকারে ছিল না, সেই সময়ে চুরি, ছিনতাই, ধর্ষণ এসব ছিল না। আওয়ামী লীগের আমলে ধর্ষণে বিশ্বে নজির সৃষ্টি হয়েছে।’’ তিনি উল্লেখ করেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে, যা ফ্যাসিস্ট সরকারের সময়ে হয়েছে।’’
বিএনপি নেতাকর্মীদের মামলা করতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘আমার এক ভাই বলেছে, মামলা নিচ্ছে না পুলিশ। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সঠিক পরামর্শ দেব।’’
এছাড়া ‘খাঁটি’ বিএনপি নেতাকর্মীদের তালিকা চেয়ে তিনি বলেন, ‘‘আমাদের কিছু বিএনপি লোক আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। অরিজিনাল লিস্ট আমি চাই, যাতে অপরাধী চিহ্নিত করা যায়।’’ তিনি আরও বলেন, ‘‘চাঁদাবাজি করা যাবে না।’’
এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান হাবিব খান বলেন, ‘‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। আমি বক্তব্য প্রত্যাহার করছি এবং বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।’’
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ডিবি) মো. রাসেল এই বিষয়ে বলেন, ‘‘যদি সত্যিই তিনি এমন বক্তব্য দিয়ে থাকেন, তবে তা অপেশাদার আচরণ। বিষয়টি যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


0 Comments