ডাকাতির সময় অপহৃত শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার, গ্রেফতার ১
রাজধানী ঢাকার আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৬ নভেম্বর) ভোরে এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহৃত শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়, এবং সেই সঙ্গে ফারজানা আক্তারের শিশুসন্তানটিকে অপহরণ করে নিয়ে যায়।
ডিএমপি লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেটে থাকতে শুরু করেছিলেন, এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর সহায়তায়ই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। তবে সাবলেটের ওই নারীর পরিচয় সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।


2 Comments
আলহামদুলিল্লাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ!!! ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
ReplyDelete