শেখ পরিবারের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজউদ্দীনের মেয়ে


বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, শেখ পরিবারের কেউ রাজনীতিতে ফিরবে না। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন একটি "মাফিয়া লীগে" পরিণত হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শারমিন আহমদ বলেন, "শেখ হাসিনা বা তার পরিবারের কারো আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই।" তিনি আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নেতাদের বিচারের দাবি জানিয়ে বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করতে হবে এবং পরিচ্ছন্ন নেতৃত্ব প্রয়োজন।

তিনি আরও বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমার মা জোহরা তাজউদ্দীন দলের হাল ধরেছিলেন, কিন্তু পরে সেই দলটি হাইজ্যাক হয়ে গেছে। এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ গণঅভ্যুত্থানের সময় বহু তরুণের মৃত্যু ঘটেছে। জনগণের মৃত্যু হয়েছে, অনেকের মেরুদণ্ডে বুলেট এখনও রয়েছে। আমরা কেন এই আওয়ামী লীগে যাব?"

শারমিন আহমদ আরো যোগ করেন, "আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে জনগণের পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতাদের বিরুদ্ধে কথা বলতে হবে।"

জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, "কাউকে জাতির জনক বলার আগে মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল, সেটা বিবেচনায় নিতে হবে। মুক্তিযুদ্ধের আসল ঘটনা জনতার সামনে খুলে দিলে জনগণই ঠিক করবে কার ভূমিকা কী ছিল।"