Editors Choice

3/recent/post-list

এনটিআরসিএ: ১ লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে

এনটিআরসিএ: ১ লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী তিন মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা আহ্বান করা হবে।

সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। গত পঞ্চম গণবিজ্ঞপ্তির ৯৭ হাজার শূন্যপদের মধ্যে মাত্র ১৯ হাজার ৫৮৬টি পদ পূরণ হয়েছে, ফলে এখনও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা রয়েছে। এছাড়াও চলতি বছরে ২০ থেকে ২৫ হাজার পদ অবসরের কারণে শূন্য হয়েছে।
এনটিআরসিএর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে, যা যোগ্য প্রার্থীর সংকট কাটাতে সহায়তা করবে।

গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে, যা ই-রিকুইজিশন নামে পরিচিত। এ কার্যক্রমের তথ্য ১০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এবং চাহিদা ফি ১৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে।

গত ৩১ মার্চ এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬ এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৫৩ হাজার ৪৫০।

এনটিআরসিএ সূত্র জানায়, তারা ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করে শূন্য পদের চাহিদা আহ্বান করেছে। শূন্য পদের চাহিদা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। 

এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, "গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আশা করছি আগামী তিন মাসের মধ্যে এটি প্রকাশ হবে।"
২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করছে এবং ২০১৫ সালে সরকার তাদের শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয়। এর পর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

Post a Comment

1 Comments

  1. ধন্যবাদ!!!এটি বেকারদের জন্য একটি বড় সুযোগ।

    ReplyDelete