জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ: নাছিম
বাংলাদেশের রাজনীতিতে গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের পর ব্যাপক পরিবর্তন এসেছে। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতা ও সাবেক মন্ত্রী দেশ ছেড়ে চলে যান। এই পরিস্থিতিতে শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
এমন অবস্থায়, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ কথোপকথনটি পরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। নাছিম বলেন, “যদি আমরা ভুল করে থাকি কিংবা অন্যায় করেছি, তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কখনোই গোঁড়া মানসিকতার দল নই, এ ধরনের মনোভাব আমাদের মধ্যে নেই।”
জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল, সে বিষয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নাছিম আরও বলেন, “অবশ্যই আমরা যদি কিছু ভুল করে থাকি, সে বিষয়ে দলের মূল্যায়ন হতে পারে, তবে এটা কারাগারের মধ্যে বসে বা জঙ্গলে-পাহাড়ে আত্মগোপনে থেকে অনুশোচনা করা যাবে না। স্বাভাবিক পরিবেশে দলের মূল্যায়ন সম্ভব হলে ক্ষমা চাইতে আমরা প্রস্তুত।”
নাছিম আরও বলেন, "কৌশলগত কারণে আমরা দেশের বাইরে রয়েছি, এমন উদাহরণ উপমহাদেশের রাজনীতিতে রয়েছে। কিছু লোক এখন রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আড়াই শতাধিক মামলা রয়েছে। নাছিম বলেন, "এই মামলায় বিচারকের ভূমিকায় থাকছে সেই আইনজীবী, যিনি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে কাজ করেছেন।"
এ সময় তিনি আরও জানান, দলের নেতারা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এবং অনেকে আত্মগোপনে চলে গেছেন।


1 Comments
পাপ করলে তো তার প্রায়শ্চিত্ত ভুগতেই হবে তাই না?????
ReplyDelete