ঢাকার আশপাশে ১০ লাখ পোশাকশ্রমিক পাবেন সাশ্রয়ী দামে টিসিবির পণ্য
ঢাকার আশপাশে অবস্থিত পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ১০ লাখ পরিবার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে। এসব শ্রমিকরা টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ বিভিন্ন এলাকায় বসবাস করেন। আজ (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারের কাছে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে, তবে সবাই এখনও পরিবার কার্ড পায়নি। এ কারণে বিশেষভাবে পোশাকশ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য শ্রেণির মানুষকেও এই সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এ বিষয়ে তিনি জানান, পোশাকশ্রমিকদের জন্য টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শিগগিরই শুরু হবে, তবে এটি শুধুমাত্র ঢাকার আশপাশের এলাকায় বাস্তবায়ন করা হবে। এসব পণ্য ভর্তুকি মূল্যে দেওয়া হবে, যার মধ্যে থাকবে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল ও পাঁচ কেজি চাল। সরকার এই কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩১ কোটি ৩৬ লাখ টাকা খরচ করবে।
এদিকে, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য সরকারের নতুন খরচ প্রায় ৫১৯ কোটি টাকা হবে। এর মধ্যে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস থেকে, যার খরচ হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। মেঘনা সুগার রিফাইনারি থেকে ২০ হাজার টন চিনি কেনা হবে প্রায় ২৩৩ কোটি টাকায়, এবং নাবিল নাবা ফুডস থেকে ২০ হাজার টন মসুর ডাল কেনা হবে ১৯৫ কোটি টাকায়।
এছাড়া, ইংল্যান্ড থেকে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনার জন্য ৬১ কোটি টাকা খরচ হবে। এসব সামগ্রী সরবরাহ করবে ইংল্যান্ডের এইচআইডি সিআইডি লিমিটেড।
অর্থ উপদেষ্টা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রক্রিয়া অনুমোদিত হয়েছে, যার জন্য প্রায় ২৭০ কোটি টাকা খরচ হবে। ১০২টি লটে ৭৬টি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৭৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রিত হবে।


1 Comments
ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য!!!!!
ReplyDelete