বিজয়ের পর মসজিদে ভাষণ দিলেন সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি

সিরিয়ার দুই দশকের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। রাশিয়া এবং তুরস্ক জানিয়েছে যে, আসাদ দেশ ত্যাগ করেছেন, তবে তিনি কোন দেশে গেছেন তা এখনও নিশ্চিত হয়নি।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি বিজয়ের পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে দেওয়া এই ভাষণে বলেন, "এ জয় সব সিরিয়ানদের জয়।" তিনি আরও বলেন, "আসাদ সরকার হাজারো নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে, কিন্তু আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি।"

জুলানি তার ভাষণে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "সৃষ্টিকর্তা কখনোই আমাদের নিরাশ করেন না। এই জয় সব সিরিয়ান জনগণের জয়।"

এর আগে দামেস্কে অশান্তি এড়াতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করে। এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানি জানান, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি সব বিভাগের দায়িত্ব পালন করবেন।

বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহী গোষ্ঠী দ্রুত সরকার গঠন করে শূন্যতা পূরণ করবে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আইএসআইএস এবং আল-কায়েদা সম্পর্কিত এই গোষ্ঠী কীভাবে শাসন করবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, হায়াত তাহরির আল শাম ইতোমধ্যে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করেছে। টেলিভিশনে প্রথম সংবাদে বলা হয়, "বাশার আল আসাদের কবল থেকে দেশ মুক্ত করা হয়েছে।"

এমন পরিস্থিতিতে, আবু মোহাম্মদ আল জুলানি সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি প্রদান করেন। তিনি বলেন, "পেছনে ফেরার কোনো জায়গা নেই, ভবিষ্যৎ আমাদের।"