জাতীয় স্মৃতিসৌধে ৮ দিন জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। রোববার (৮ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবসের উদযাপন এবং ভিভিআইপি নিরাপত্তার স্বার্থে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। অর্থাৎ, ৮ দিন জনসাধারণের জন্য বন্ধ থাকবে স্মৃতিসৌধ।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ এবং গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, "মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনসহ প্রস্তুতি গ্রহণ করছি। এ কারণে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।"

তিনি আরও বলেন, "১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করা হবে।"