ভারতের মুখপাত্রের প্রতিক্রিয়া: শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের চিঠি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ হাই কমিশন। সোমবার, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিঠির প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন। তবে, এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি।রণধীর জয়সওয়াল বলেছেন, "প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই।"
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে।”
কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই সময় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এমন দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। হাসিনার দেশ ত্যাগের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাইদুর রহমানের হত্যার ঘটনায় হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হাসিনা দেশের বাইরে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ১৯৮টি খুনের অভিযোগ রয়েছে। এর আগে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
এখন, অন্তবর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার প্রস্তুতি নিচ্ছে। অক্টোবরের শেষে ড. মুহাম্মদ ইউনূসও এই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আমেরিকার সংবাদমাধ্যম ‘ফিনানশিয়াল টাইমস’-কে বলেন, “হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আদালতের রায় হলে, অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।”
এমন পরিস্থিতিতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা আরও তীব্র হতে পারে।


1 Comments
ভারত যে কি করবে তা এখনো বলা যাচ্ছে না!!!
ReplyDelete