ডিভোর্স গুঞ্জনের মাঝেই ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প
নভেম্বরের নির্বাচনের পর, ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জেরেড কুশনারের বাবা, চার্লস কুশনারকে ফ্রান্সে রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এবার, ট্রাম্প তার ছেলের বউ কিম্বারলি গিলফয়েলকে গ্রীসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েছেন এমন এক সময়ে, যখন গিলফয়েল এবং তার স্বামী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ বা ডিভোর্সের গুঞ্জন উঠেছে।
কিম্বারলি গিলফয়েল, সাবেক ফক্স নিউজ হোস্ট এবং রাজনৈতিক দাতা হিসেবে পরিচিত। তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এখন তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছে।
গ্রীসে রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের নিয়োগের ঘোষণা দেয়ার সময়, ট্রাম্প তাকে তার দীর্ঘদিনের বন্ধু এবং মিত্র হিসেবে উল্লেখ করেন। তবে তিনি তার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প বলেন, "গিলফয়েল গ্রীসের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত, যা প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং অর্থনৈতিক উদ্ভাবনের মতো নানা বিষয়ে আমাদের স্বার্থের অগ্রগতি সাধনে সহায়তা করবে।"
এছাড়া, সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প আরও লিখেছেন, "আইন, মিডিয়া এবং রাজনীতিতে গিলফয়েলের ব্যাপক অভিজ্ঞতা এবং নেতৃত্বের পাশাপাশি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে।"
তবে, মঙ্গলবারের ঘোষণার আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র, সোশ্যালাইট বেট্টিনা অ্যান্ডারসনের সঙ্গে ডেটিং করছেন। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং 'আইটি গার্ল' বেট্টিনা অ্যান্ডারসনের একাধিক ছবি প্রকাশ করেছে, যা তাদের সম্পর্কের অস্বীকারযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন পর্যন্ত ট্রাম্প বা কিম্বারলি গিলফয়েলের পক্ষ থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


1 Comments
ট্রাম্প তার পুরো গোষ্ঠীকেই কেন জানি বড় বড় পদগুলো দিচ্ছে???
ReplyDelete